টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ভাঙচুর, হামলা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার দিকে ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোল পেঁচা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কালাম তালুকদার (৬৫) উপজেলার জগৎপুরা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে বিকালে পুনরায় সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক মো. আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরিফুল ইসলাম/এসএইচএ
