বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল তানহাদ আহমেদ নীরবকে (২৫) কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি জানান, তানহাদ আহমেদ নীরবের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে নগরীর কেডিসি এলাকা থেকে নিয়মিত মাদক বিরোধ অভিযানের সময় তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। এসময় তার শরীরে তল্লাশি করে ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায় তিনি পুলিশ সদস্য।
আটক পুলিশ সদস্য নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর রেশন স্টোরে দায়িত্বপালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব নগরীর কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন।
এসএইচএ
