বিজ্ঞাপন

সেই দুই শিশুসহ মায়ের মরদেহ নিয়ে বিক্ষোভ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

সেই দুই শিশুসহ মায়ের মরদেহ নিয়ে বিক্ষোভ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

বরগুনায় জেলা পরিষদ ডাকবাংলোর পাশাপাশি দুটি আলাদা কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসনকে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনেরও দাবি জানান বক্তারা।  

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে বরগুনা পৌরশহরের কালীবাড়ী এলাকা থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় মানববন্ধন করেন তারা।

এ ছাড়াও মানববন্ধন শেষে ভ্যানে করে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার পথেও বিক্ষোভ মিছিল করেন স্বজনসহ উপস্থিত জনগণ। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জেলা পরিষদের পরিচ্ছন্নতা কর্মী ইতী রানী ও তার দুই মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ প্রকাশসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।

মানববন্ধনে কালীবাড়ি মন্দির কমিটির উপদেষ্টা মিলন দাস বলেন, গতকাল দুর্ঘটনার পর ডাকবাংলোর তৃতীয় তলায় যেখানে তিনজনের মরদেহ ছিল সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি।  আমরা ঢোকার চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি।  যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশে আমরা আর এ ধরনের হত্যা দেখিনি। আমরা এর বিচার চাই।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখা সহসভাপতি মানিক সিকদার বলেন, তিনটি জীবন চলে গেছে যা আমাদের কারোই কাম্য নয়। আমি সকলকেই অনুরোধ করব, যাতে এ ঘটনার সত্যতা বের হয়ে আসে। এর জন্য যে শ্রম প্রয়োজন তা সবাই দেবেন। এখানে উপস্থিত সকলের মধ্যে সন্দেহ রয়েছে। তারা একেক সময় একেক কথা শুনেছেন। একটি সরকারি প্রতিষ্ঠান এবং সেখানে চাকরিজীবী লোক রয়েছে এবং ডিউটিতে লোক থাকে। আইনশৃঙ্খলা বাহিনী আছেন, তাদেরকে যদি জিজ্ঞেসাবাদ করা হয়, তাহলে আমার মনে হয়ে সঠিক তথ্য বের হয়ে আসবে। 

বরগুনা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান টিপন বলেন, বরগুনার ডাকবাংলোয় রহস্যজনকভাবে তিনজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু আমাদের কাম্য নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের শান্তি শৃঙ্খলা এবং মানুষের দায়িত্ব নিয়েছেন। তার দায়িত্বকে আরও দায়িত্বশীল জায়গা থেকে তার সকল কার্যক্রম চালাতে হবে। গতকাল তিনজনের মৃত্যু একটি রহস্যজনক মৃত্যু। এটি হত্যা নাকি তা বরগুনার প্রশাসনের দায়িত্বশীল জায়গায় যারা আছেন, তারা অবিলম্বে এ রহস্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করুন। 

তিনি আরও বলেন, আমরা বরগুনার শান্তি শৃঙ্খলার জায়গায় হিন্দু-মুসলমান ভাই ভাই। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। যে কারো বেলায় এমন ঘটনা ঘটলেও আমরা রাজপথে নামতাম। বরগুনায় প্রশাসনের যারা আছেন, অল্প সময় আগামী ১৫ দিনের মধ্যে এ মৃত্যুর রহস্য আপনাদের বের করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি। 

এর আগে বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি আলাদা কক্ষ থেকে ডাকবাংলোর পরিচ্ছন্নতা কর্মী ইতি রাণী (৩৪) ও তার দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) এবং অনুরাধা বিশ্বাসের (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। জেলা পরিষদ ডাকবাংলোর কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের পরপরই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। আর এ কারণেই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসএইচএ