শেরপুরে বিয়ের কনে দেখতে যাওয়ার দিন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকের। যুবকের নাম মো. মিজান মিয়া (২১)। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই এলাকার কমল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মিজান তার বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরপক্ষীমারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল মিয়া বলেন, বজ্রপাতে মিজান নামে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। যার মৃত্যু হয়েছে, তার মা কিছুদিন আগে মারা গেছেন। এখনো বিয়ে করেনি, আজ বিকেলে তার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। মিজান দিন হাজিরার কাজ করতো, পাশাপাশি বিভিন্ন সাইডেও কাজ করতো। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে সহযোগিতার জন্য লিখিত আবেদন করতে বলা হয়েছে। আগামী রোববার আবেদন করলে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সাধারণত এ ধরনের ঘটনায় ২০ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। পরিবার যদি বেশি অসচ্ছল হয়, সেক্ষেত্রে খাদ্য সহায়তাও দেওয়া হবে।
মো.নাইমুর রহমান তালুকদার/এনটি
