বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে। হৃদয় তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।
স্থানীয়রা জানান, লিমন মোল্লা রাত ১২টার দিকে নিজ ঘরেই ছিলেন। মোবাইলে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার বাড়িতে তিনি একাই ছিলেন। ব্যক্তিগত জীবনে নিহত লিমন বিবাহিত ছিলেন ও এক কন্যা সন্তানের জনক তিনি।
লিমনের বাবা সিরাজ মোল্লা বলেন, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থান করা স্ত্রী উর্মির সাথে কথা হয়েছে লিমনের। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য,পারিবারিক দ্বন্দ্ব ও নানা মানসিক চাপের মধ্যে ছিল সে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
শেখ শামীম হাসান/আরকে
