মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারায় টানা ৪১ দিন মসজিদের জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়াও ২৯ শিশু-কিশোর নামাজ আদায়ের চেষ্টায় সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা করা করেছে।
ব্যাতিক্রমী এ আয়োজন করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ‘আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন’। ৪১ দিনের নামাজ প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করায় শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ১০ থেকে ১৬ বছর বয়সী ৩২ জন শিশু-কিশোরকে এসব উপহার তুলে দেন সংগঠনটির সদস্যরা। এত স্থানীয় প্রবাসীরা আর্থিক সহায়তা করেন।
আধারা মানবকল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্য পাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারী, অন্তর বেপারী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই এ আয়োজন। কিশোর ও তরুণ প্রজন্মকে মসজিদ ও নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন যেন দেশের সব এলাকায় হয়, সে আশা ব্যক্ত করেছেন তারা।
শামীম/এসএইচএ
