বিজ্ঞাপন

নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয় : খায়রুল কবির খোকন

নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয় : খায়রুল কবির খোকন

নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়। স্থানীয় আধিপত্য বিস্তার, সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রেক্ষাপটে এসব সংঘর্ষের ঘটনা ঘটে থাকে বলে মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শুক্রবার (৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, এখন চরাঞ্চলের এসব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আগের সে অবস্থা নাই। মানুষ সংঘাতের ট্রেডিশন থেকে বের হয়ে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে প্রশাসনসহ আমরা এখন সহজে এসব ঘটনার খবরাখবর পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, অপরাধী যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনগণ যাতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা নেওয়া হবে। যাদের কাছেই অস্ত্র থাকবে তাদের বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমিনুর রহমান সাদী/এসএইচএ

বিজ্ঞাপন