বিজ্ঞাপন

সিরাজগঞ্জ মহাসড়কে ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়াতেও মিলছে না সিট

সিরাজগঞ্জ মহাসড়কে ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়াতেও মিলছে না সিট

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কজুড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময়ের যানজট, পর্যাপ্ত পরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়া দিয়েও সিট না পাওয়ায় ঢাকামুখী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের কড্ডার মোড় এলাকায় গিয়ে দেখা যায়, শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা ধরে যানবাহনের অপেক্ষায় রয়েছেন। পর্যাপ্ত বাস না থাকায় অনেকেই ট্রাক ও অন্যান্য বিকল্প পরিবহনে যাতায়াতের চেষ্টা করছেন। তবে সেক্ষেত্রেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনও যেতে পারিনি। ট্রাক ও বাসে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে। আবার অনেক গাড়ি যাত্রী ও মালপত্র একসঙ্গে নিতে চাইছে না।

মিরপুরগামী যাত্রী আয়েশা সিদ্দিকা বলেন, সকাল থেকে অপেক্ষা করেও কোনো যানবাহনে উঠতে পারিনি। ভাড়ার চেয়ে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাড়িতে সিট পাওয়া।

এদিকে সকাল থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দুপুরের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যান চলাচল ছিল ধীরগতির।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, কয়েকটি যানবাহন বিকল হয়ে যাওয়ায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন এবং যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. নাজমুল হাসান/এসএইচএ