বিজ্ঞাপন

সরকারি খাল দখলকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৮

সরকারি খাল দখলকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ হোসেন, বিএনপি কর্মী কবির হোসেন, শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ, আরাফাত হোসেন, আক্তার হোসেন, নাজমা খাতুন, মোমিন মোড়ল ও লায়লা বেগম। তাদের মধ্যে কয়েকজন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সংক্রান্তির খালে মাছ ধরতে গেলে সেখানে পূর্ব থেকে মাছ চাষের দাবি করা পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করে।

জামায়াত নেতা শাহিন হোসেনের দাবি, খালটির ইজারার মেয়াদ শেষ হলেও সেখানে মাছ চাষ অব্যাহত রাখা হয়েছিল। দরিদ্র মানুষ মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম অভিযোগ করেন, তিনি নতুন ইজারার জন্য আবেদন করেছেন এবং খালে আগে থেকেই মাছ ছাড়া ছিল। মাছ ধরতে বাধা দিলে প্রতিপক্ষ হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, খালটি নিয়ে বিরোধের জেরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলায় বিএনপির কয়েকজন কর্মী আহত হয়েছেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সরকারি খালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইব্রাহিম খলিল/এসএসএইচ