যমুনা সেতুতে একটি বাস বিকল হয়ে পড়ায় সেতুর দুই প্রান্তে আবারও যানবাহনের চাপ বেড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে। ফলে ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় দিকেই ধীরগতিতে যান চলাচল করছে।
শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে যমুনা সেতুতে একটি বাস বিকল হয়ে যাওয়ায় দিনের তুলনায় যানজট কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।
এর আগে বিকালে ৪টি যানবাহন যমুনা সেতুতে বিকল হয়ে যায়। সেসব যানবাহন উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে করতে নতুন করে আবার একটি বাস বিকল হওয়ায়, পুরোপুরি যানজট কমানো যাচ্ছে না৷

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, যমুনা সেতুর দুই পাড়ে এখনও যানজট। সেতুতে কোনো যানবাহন বিকল হলেই দুই পাড়ে যানজট হয়। ধীরগতিতে যানবাহন চলছে। কিছুক্ষণ আগেই একটি বাস বিকল হয়েছে, সেটি উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, সেতুতে যানবাহনের চাপ এখনও বেশি থাকায় যেকোনো যানবাহন বিকল হলে তার প্রভাব দ্রুত উভয় প্রান্তে ছড়িয়ে পড়ে। বিকল বাসটি সরিয়ে নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, শুনেছি যমুনা সেতুতে একটি দুর্ঘটনা হয়েছে। খুব ধীরগতিতে সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহন চলছে।
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের কারণে যমুনা সেতু ও পশ্চিম সংযোগ মহাসড়কে সারাদিনই যানবাহনের বাড়তি চাপ ছিল। সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে।
মো. নাজমুল হাসান/এসএসএইচ
