পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট খাওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তার নামে বর ও কনের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বড় ও কনেপক্ষের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কনেপক্ষের বাড়িতে বরযাত্রী যান বরপক্ষ। তাদের আপ্যায়নে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় বর পক্ষের অতিথি আলম প্যাদা খাবার পরিবেশনকারী কনের চাচা রাসেল মোল্লার কাছে আরও একটি অতিরিক্ত মুরগির রোস্ট চান। গরুর মাংস পরিবেশনের এমন সময়ে রোস্টের আবদারে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কনেপক্ষের তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন।
কনের মামা বাবলু আকন বলেন, আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে, আলম প্যাদা প্রথমে হামলা করে এরপরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে বরপক্ষের কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানি না। তবে, খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ
