উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে পড়ায় উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে করে সেতুর পশ্চিম পাড় তথা সিরাজগঞ্জ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকার দিকে যাওয়ার পথে একটি বাসের পেছনে অপর একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। দুর্ঘটনার পর সেতুর ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রেকার দিয়ে যানবাহনগুলো উদ্ধার করার কাজ করছে সেতু কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এক বাসের পেছনে আরেক বাস ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর ওপর যান চলাচল বন্ধ রয়েছে।
মো. নাজমুল হাসান/এসএইচএ
