সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতিকর্মীদের জীবনমান উন্নয়নে সরকার নানা ধরনের ভাতা ও অনুদান কার্যক্রম চালু করেছে। দেশের দুস্থ ও অসচ্ছল সংস্কৃতিকর্মীদের সহায়তায় সরকার দীর্ঘদিন ধরে অনুদান প্রদান করে আসছে। আগামী অর্থবছর থেকে সংস্কৃতিকর্মীদের তালিকা প্রণয়ন করে নিয়মিত ভাতা প্রদান কার্যক্রম শুরু করা হবে।
শুক্রবার (৫ জুন) বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে ছাত্রদল নেতা ফাহিম মুন্তাসির শান্তর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতি অঙ্গনের মানুষের কল্যাণে আমরা বিভিন্ন ধরনের ভাতা চালু করেছি। দুস্থ সংস্কৃতিকর্মীদের জন্য সরকার নিয়মিত অনুদান দিয়ে থাকে। নতুন অর্থবছরে একটি সুনির্দিষ্ট তালিকা তৈরির মাধ্যমে যোগ্য সংস্কৃতিকর্মীদের ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকারের উদ্যোগে সংস্কৃতিকর্মীদের মানোন্নয়নে সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অনুদান প্রদান করা হচ্ছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক শিল্পীদের জন্যও নতুন অর্থবছরে বিশেষ অনুদানের ব্যবস্থা রাখা হবে।
মন্ত্রী জানান, শিল্পকলা একাডেমির মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত শিল্পীদের ভাতা ও অনুদান দেওয়া হবে। এ ক্ষেত্রে যোগ্য ও প্রয়োজনীয় সহায়তাপ্রার্থী শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ফাহিম মুন্তাসির শান্ত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শান্তর রুহের মাগফিরাত কামনা করে জেলা অডিটোরিয়ামে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাছিন জামান/এসএইচএ
