বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে রংপুরের পীরগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। ৩০০ হাতের (৪৫০ ফুট) দীর্ঘ পতাকা নিয়ে আনন্দ উচ্ছ্বাস আর স্লোগানে পুরো শহর মাতিয়েছে আর্জেন্টাইন ফুটবল দল অনুরাগী ভক্ত ও সমর্থকরা
শুক্রবার (৫ জুন) বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ, সাধারণ মানুষের নজর কাড়ে।

শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক সমর্থক, ভক্ত ও ফুটবল অনুরাগী অংশগ্রহণ করেন। তাদের কারো হাতে বাংলাদেশের পতাকা, কারো হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। জার্সি পরিধান করে আর বাঁশিসহ বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
আয়োজক সমর্থক গোষ্ঠীর মাহমুদুল, কাজল, পাপ্পু, জাকির ও সানি জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শেষ করা হয়েছে। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে।

এদিকে, বিভাগীয় নগরী রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে আসাদুজ্জামান আফজালকে সভাপতি, ফরহাদুজ্জামান ফারুককে সহ-সভাপতি, ইসমাইল হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক ও ইয়াসির আরাফাত জীবনকে সাংগঠনিক সম্পাদক করে ২২৯ সদস্যের একটি কমিটি করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত জরুরি সভার মাধ্যমে গঠিত এ কমিটির সভাপতি আসাদুজ্জামান আফজাল জানান, আগামী ১৫ জুন রংপুরে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি শুভকামনা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হবে। এছাড়াও বড় পর্দার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিটি খেলা টাউন হল চত্বরে দেখানোর ব্যবস্থা করা হবে। আমরা বিশ্বাস করি, আমাদের বাংলাদেশও বিশ্ব একদিন বিশ্ব ফুটবলের মঞ্চে লড়বে, সেদিন আমাদের আনন্দের বহিঃপ্রকাশ হবে অন্যরকম।
ফরহাদুজ্জামান ফারুক/এনটি
