বিজ্ঞাপন

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে বালুর সঙ্গে রং মিশিয়ে কৃষি জমিতে দেওয়া ভেজাল কীটনাশক তৈরীর দায়ে সাজিদা বেগম নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৫ জুন) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত সাজিদা বেগম ওই এলাকার ফরিজ উদ্দিনের স্ত্রী। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। এতে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ ও থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন। 

জানা যায়, সাজিদা বেগম কয়েক মাস ধরে বালুর সঙ্গে রং মিশিয়ে কৃষি জমিতে দেওয়া কীটনাশক তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালিয়ে ৩৫০ কেজি প্যাকেটজাত এবং ৪০০ কেজি খোলা ভেজাল কীটনাশক জব্দ করেন। পরে সেখানে সাজিদাকে ৫০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, বালুর সঙ্গে রং মিশিয়ে ভেজাল কীটনাশক তৈরির দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ৭৫০ কেজি ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়।

শাহজাহান ইসলাম লেলিন/এনটি

বিজ্ঞাপন