বিজ্ঞাপন

গাইবান্ধায় দুই ভুয়া সমাজসেবা কর্মকর্তা কারাগারে

গাইবান্ধায় দুই ভুয়া সমাজসেবা কর্মকর্তা কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দীর্ঘদিন ধরে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সামাজিক সেবার (প্রতিবন্ধী ভাতা, বিধবা ও বয়স্ক ভাতা) কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা মীর কায়েস।

একইদিন ভোরে উপজেলার বড়দহ ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুইটি মোবাইল ফোন ও রেজিস্ট্রেশনবিহীন একটি হিরো মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার শিবপুর এলাকার মৃত কল্লোল সরকারের ছেলে দাইয়ান শহীদ দীপ সরকার (২৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে সোহানুর রহমান শান্তক (২৭)।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১৭ মে গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত একটি প্রতারণার মামলার গ্রেপ্তারকৃত আসামি আশরাফুলের বাড়িতে এই দুইজনসহ আরও কয়েকজন ছিল বলে ধারণ করা হচ্ছে। সেদিন পুলিশ ও যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। তখন থেকে তাদের খুঁজছিল পুলিশ। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আগের ওই প্রতারণা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে তোল হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ মে থানায় দায়েরকৃত মামলার গ্রেপ্তারকৃত আসামি আশরাফুলের বাড়ি থেকে পলাতক আসামি হাদিসুর রহমান রনির ব্যক্তিগত ডাইরি, তার সেনাবাহিনীর মেজর পদবি পোশাক পরিহিত অবস্থায় একটি থ্রি-আর সাইজের ছবি, বিভিন্ন কোম্পানির ৫০টি সিমকার্ড, একটি প্রিন্টার, একটি পিসি, বিভিন্ন কোম্পানির চারটি মনিটর, একটি আইফোন, একটি ল্যাপটপ, দুইটি সিসিটিভি ক্যামেরা ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার আসামি আশরাফুলের জবানবন্দি অনুযায়ী উপজেলার উত্তরসিঙ্গা গ্রামের জুয়েল মিয়ার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওয়ানপ্লাস অ্যান্ড্রোয়েটসহ বাটন মোবাইল ফোন ১০টি, গ্রামীণ, বাংলালিংক, রবি ও এয়ারটেলের ২৩৮০ পিস সিমকার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন নোটের ২৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে আশরাফুল, হাদিসুর রহমান রনি ও নামীয় কয়েকজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ওই প্রতারণার মামলা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা মীর কায়েস বলেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার দুজন নিজেদের সমাজসেবার কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রামের সহজ-সরল গরীব মানুষদের বিভিন্ন সরকারি ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করে আসছিল। এর আগে এ সংক্রান্ত মামলাও রয়েছে। আজকের দুইজনকে ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে কোর্টে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাসুম বিল্লাহ/এমএন

বিজ্ঞাপন