গাজীপুরে পুলিশ বক্সের ভেতরে ঢুকে স্টার নিউজের প্রতিবেদক হোসাইন আলী বাবুর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জুয়েল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, সকালে ওই এলাকায় মহাসড়কে লাইভ শেষ করে চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করছিলেন তিনি। এ সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। তার চিৎকার শুনে পুলিশ ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় সোপর্দ করেন।
তিনি বলেন, সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে। কিন্তু ব্যস্ত থাকায় কথা বলতে পারিনি। পরে পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম, তখন লোকটি এসে ‘লাইভ করলেন ক্যান’ বলে হঠাৎ আমার ওপর হামলা চালায়। এই ব্যক্তিকে আমি কখনো দেখিনি, তার সঙ্গে কোনো পরিচয়ও নেই।
বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন তার মা হাসপাতালে ভর্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি। তিনি ছিনতাইয়ে জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আশিকুর রহমান/আরএআর
