ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি পরিবহনের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় সড়ক পরিবহন আইনে পাঁচটি বাসে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পরিবহনগুলোকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।
অন্যদিকে শহরের বাজার স্টেশন এলাকায় তিনটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন যাতে অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করতে না পারে, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. নাজমুল হাসান/এসএইচএ
