বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থান, সতর্কতা এবং জোরদার নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের আশঙ্কা বাড়ায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ভোররাতে মশালগাঁও সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সীমান্তের ওপারে সন্দেহজনক কিছু গতিবিধি লক্ষ্য করেন।

একপর্যায়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তর থেকে শিশুসহ মোট ১১ জনকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং সম্ভাব্য পুশইন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন।

বিজিবির তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। বর্তমানে ওই ১১ জন ভারতীয় সীমান্ত এলাকার শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান সাংবাদিকদের বলেন, মশালগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের একটি চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে। সীমান্তে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল, পেশাদার এবং তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে।

রেদওয়ান মিলন/এসএইচএ 

বিজ্ঞাপন