নরসিংদী সরকারি মহিলা কলেজ সংলগ্ন শতবর্ষী প্রসন্ন সাহার পুকুর পরিষ্কার করেছে নরসিংদী জেলা ছাত্রদল। দীর্ঘদিন ধরে কচুরিপানা ও বিভিন্ন ধরনের আবর্জনায় ভরাট হয়ে পড়া এই ঐতিহ্যবাহী পুকুরটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, শহরের নরসিংদী সরকারি মহিলা কলেজের পাশের শতবর্ষী প্রসন্ন সাহার পুকুরটি একসময় এলাকার মানুষের দৈনন্দিন ব্যবহার এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তবে, দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে পুকুরটি কচুরিপানা, প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্যে ভরে যায়। ফলে পুকুর থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ ও মশার উপদ্রব বৃদ্ধি পায়। এতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং পথচারীদের দুর্ভোগ বাড়তে থাকে।
পুকুরটির সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যও জড়িত। বিভিন্ন পূজা-পার্বণ, বিয়ে ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে এ পুকুরের পানি ব্যবহার করা হয়। কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এসব কার্যক্রমও ব্যাহত হচ্ছিল বলে স্থানীয়রা জানান।
এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেয় নরসিংদী জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরা পুকুরে নেমে কচুরিপানা, প্লাস্টিক ও জমে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করেন।
কয়েক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ছাত্রদল নেতারা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর পুকুরটি পরিচ্ছন্ন হওয়ায় এলাকার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি সংরক্ষিত হবে এলাকার ঐতিহ্যও। আমরা হিন্দুসম্প্রদায়ের মানুষেরা এখানে পূজা,উপাশনা করি। এতদিন এগুলো করতে পারিনি। এখন পুকুরটা বেশ পরিষ্কার, ছাত্রদলের এমন উদ্যোগ সমাজে বেশ প্রভাব ফেলবে।
জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা সমাজের কল্যাণে কাজ করতে চাই। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত বলেন, জনগণের পাশে থেকে সমাজের সমস্যা সমাধানে ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রসন্ন সাহার পুকুরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ধরে রাখবে।
আমিনুর রহমান সাদী/এসএইচএ
