বিজ্ঞাপন

রূপগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী

‘দলীয় নেতাকর্মীদের ওপর হামলার বিচার না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’

‘দলীয় নেতাকর্মীদের ওপর হামলার বিচার না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা নির্মূল করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে। তিনি অভিযোগ করেন, গণভোটের আগে দেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের নানা ঘটনা ঘটলেও সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দলটির নেতাকর্মীদের বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা দৃশ্যমান নয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তির প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জের এক নম্বর গডফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বিকেল ৩টার দিকে ফল উৎসবের মঞ্চে মোটরসাইকেলযোগে আসা একদল যুবক হামলা চালিয়ে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এতে উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভয়ভীতি দেখিয়ে এনসিপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। জীবনঝুঁকির সতর্কতা উপেক্ষা করেই তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন।

রূপগঞ্জের নানা সমস্যা তুলে ধরে তিনি বলেন, এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে এনসিপি কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতাদের মধ্যে ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান সৈকত/এসএইচএ