কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা লাগোয়া মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। পরে প্রাণ বাঁচাতে গুলিবিদ্ধ অবস্থায় নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন তিনি।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এরআগে, সকালে উখিয়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান সেই যুবক চিকিৎসাধীন।
আহত যুবকের নাম মোহাম্মদ আইয়ুব (২৮)। তিনি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ছোটবিল সীমান্ত পোস্ট এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবির সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
আইয়ুব বিজিবিকে জানান, শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় যান তিনি। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি আহত হন। পরে কোনোভাবে নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে পৌঁছাতে সক্ষম হন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ
