সুনামগঞ্জের তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সীমান্ত এলাকা শ্রীপুর উত্তর ইউনিয়নের লামাকাটা গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
আটকরা হলো, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও পশ্চিম পাড়ার দুই কিশোর। তারা ওই শিশুর প্রতিবেশী। শিশুটির বাবা তার মাকে ফেলে চলে গেছে, সে তার নানার বাড়িতে থাকে। গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে কলাগাঁও গ্রামের পশ্চিম পাড়ায় ওই শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
আজ বিকেলে শিশু ধর্ষণের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন পাশের গ্রাম লামাকাটা থেকে তাদের আটক করে কলাগাঁও বাজারের বণিক সমিতির ঘরে আটক করে রাখা হয়। পরে পুলিশের কাছে দুইজনকে তুলে দেওয়া হয়। শিশু ধর্ষণের ঘটনায় শিশুর নানির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুই কিশোরকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে, তাদের বয়সও কম। শিশুর নানি থানায় অভিযোগ দাখিল করেছেন। ভিকটিম শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে ও আটক দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হবে।
তামিম রায়হান/এসএইচএ
