ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকা এবং যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগে রাজবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচ পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আশিকুজ্জামান ও মো.আশরাফুল ইসলাম।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, কর্মস্থলে প্রত্যাবর্তন নির্বিঘ্ন রাখা এবং যাত্রী ভোগান্তি রোধকল্পে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের নির্দেশনায় দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট ও বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় লঞ্চ ও ফেরিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, ফেরিতে ওঠার পূর্বে গণপরিবহন থেকে সকল যাত্রীকে নামানো এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
পাশাপাশি, অভিযানকালে “সড়ক পরিবহন আইন, ২০১৮”-এর বিভিন্ন ধারা অনুযায়ী ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকা এবং যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এসপি গোল্ডেন লাইন, রাবেয়া পরিবহন, ঝিনাইদহ লাইন, মাস্টার পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন, রাজবাড়ীর এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মীর সামসুজ্জামান সৌরভ/ এনটি
