পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার(৬ জুন) রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন গাজী মহিপুর থানার নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত পৌনে ৮টার দিকে পাখিমারা এলাকা থেকে নয়জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। ইজিবাইকটি কলাপাড়া সেতুর ওপর অবস্থিত অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা নয়জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।
পরে রাত ১১টার দিকে গুরুতর আহত হারুন গাজীকে বরিশালের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান নোভা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরে তাদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এসএম আলমাস / এনটি
