বিজ্ঞাপন

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ডোমনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের লাইনের মেরামতের কাজ করছিলেন নজরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম বলেন, নজরুল ইসলাম দলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। দলীয় আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেছেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। 

এদিকে নজরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আব্দুল মোমিন/এনটি