ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে। অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে ডাক্তার আত্তাবের দোকানে যায়। এ সময় কেউ না থাকার সুযোগে ডাক্তার মেয়েটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে বিষয়টি জানাজানি হয়। জানাজানির পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার সময় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
সম্রাট হোসেন/এমএন
