বগুড়ার দুপচাঁচিয়ায় একটি প্লাস্টিক কারখানায় সুতা তৈরির রোলার মেশিনে আটকে আলিফ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে দুপচাঁচিয়া পৌরসভার তেলিগাড়ী এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছি গ্রামের গুলজারের ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত সুতা তৈরির রোলার মেশিনের সঙ্গে আটকে যান আলিফ। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আব্দুল মোমিন/আরকে
