বিজ্ঞাপন

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সামছু মিয়া (৩০)। আহতদের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।

এর আগে গতকাল শনিবার বিকেলে একই স্থানে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) এবং মো. সিয়াম (১৮) নামে দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদর উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এর মধ্যে এনামুল মিয়া ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

আহত ও নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান দেওয়া হয়েছে। গতকাল গুরুতর দুইজনকে আনা হলে মৌলভীবাজার রেফার করা হয়। 

মৌলভীবাজার সদর হাসপাতল সূত্র জানায়, গতকাল ট্রেন দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এনামুল মিয়া ফাহিমকে সিলেট নেওয়ার পথে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গতকাল একই স্থানে দুইজন গুরুতর আহত হন। এরমধ্যে একজনের মৃত্যু হয়।

এসএইচএ