পঞ্চগড়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬)। আব্দুর রহিম শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং লাবিব দক্ষিণ সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনই দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে একটি পুকুরে নামে আব্দুর রহিম ও লাবিব। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে চলে গিয়ে তলিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালান।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, দুই কিশোর সাঁতার জানত না। গোসল করতে গিয়ে তারা গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
নুর হাসান/এএমকে
