লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই ভাই হলো, সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনেই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বন্ধু মেহেদীসহ ধরলা নদীতে গোসলে নামে দুই ভাই সাব্বির ও সাওন। এ সময় বন্ধু মেহেদী তীরে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে নিখোঁজ হয় দুই ভাই।
খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান চালায়। পরে উদ্ধার অভিযানে যুক্ত হন লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। খুঁজে না পাওয়ায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধারকাজে তাদের সহায়তা করছে।
এএমকে
