বিজ্ঞাপন

৫০ হাজার টাকা বেতন নির্ধারণসহ  ৬ দফা দাবি

রমেক হাসপাতালে ইন্টার্নদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

রমেক হাসপাতালে ইন্টার্নদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭ জুন) দুপুরে হাসপাতালের পরিচালকের সাথে সাক্ষাত শেষে এ কর্মসূচি ঘোষণা দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেল কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মিয়া মিরাজ ও সাধারণ সম্পাদক মো. নাঈম শাহরিয়ারসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, চিকিৎসকদের প্রতি সংঘটিত বিভিন্ন অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে গত ৩ জুন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের হাসপাতালে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ইতোমধ্যে বিসিপিএস কর্তৃক প্রকাশিত নোটিশের মাধ্যমে আমাদের ৬টি দাবির মধ্যে একটি দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা ভীষণভাবে আশাহত হয়েছি।

এ সময় আগামী ১ থেকে জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। একই সাথে ২ জুলাই দুপুরে মেডিকেল কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয়টি দাবি তুলে ধরেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ইন্টার্ন চিকিৎসকদের দাবি ও ঘোষিত কর্মসূচির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।  

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর

বিজ্ঞাপন