বিজ্ঞাপন

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের

নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর সোনাখুলী এলাকার রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলে রবিয়াল ও আউয়ালের চার বছর বয়সী দুই কন্যা সন্তান রুপাইয়া ও আশফিকা আজ বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময়ে তারা সবার অজান্তে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখতে পায়।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ