বিজ্ঞাপন

ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার কাশিমপুর ও তারাটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) এবং সাকিবের মেয়ে মারিয়াম (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার ৩ নম্বর তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের সময় মাটিচাপায় নিজাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নিজাম ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে নিজ ড্রেজার মেশিন দিয়ে একই গ্রামের আইজুল মিয়ার পুকুরে বালু উত্তোলনের সময় হঠাৎ পুকুরের মাটি ধসে তার ওপর পড়ে যায়। পরে সহকর্মীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পৃথক দুই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাখাওয়াত সুমন/এসএইচএ