বিজ্ঞাপন

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১০

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১০

যশোরে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়েছে। ওই মিছিল থেকে যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল ও হাজী আলমগীর কবির সুমনের অনুসারী পরিচয়ধারী ১০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (৭ জুন) বিকেলে ২০-৩০ জন করে শহরের গরীব শাহ সড়ক ও ধর্মতলা এলাকায় এই মিছিল বের করা হয়। সন্ধ্যা নামতেই এ মিছিলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে যশোরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে হেফাজতে আনা হয়েছে।

তবে, তদন্তের স্বার্থে এখনি নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে শহরের ঢাকা রোড বাবলাতলা, গরীবশাহ, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে আওয়ামী লীগ ও যুবলীগের ব্যানারে নানা স্লোগান দিয়ে মিছিল করা হয়। এসব ঘটনায়ও জড়িত থাকার অভিযোগে অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ