জমিতে কৃষিকাজ করতে গিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে উত্তম গাঙ্গুলী (৪৭) নামে এক পুরোহিত নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম গাঙ্গুলী ওই গ্রামের মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে পুরোহিতের দায়িত্বও পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উত্তম গাঙ্গুলী কৃষিকাজ করতে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বজ্রপাতে পুরোহিত নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে ও ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের ব্যবস্থা করা হবে।
উত্তম গাঙ্গুলীর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কৃষিকাজের পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করায় তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।
আরএআর
