বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে এখনও কয়েকদিন বাকি। তবে এরই মধ্যে সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ঘাট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানেই প্রিয় দলকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক ও সমর্থন প্রকাশের আলোচনা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে জমজমাট কথার লড়াই।
এরই ধারাবাহিকতায় বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জ দেখা গেছে ব্যতিক্রমী আয়োজন। বিশ্বকাপ শুরুর আগেই উপজেলার বিভিন্ন এলাকা আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকায় সেজে উঠেছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত আর্জেন্টিনার পতাকা। ফলে পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক টুকরো ‘আর্জেন্টিনা নগরীতে’।

সম্প্রতি মেহেন্দীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে টানানো অসংখ্য আর্জেন্টিনার পতাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে, লঞ্চঘাটের যাত্রী চলাচলের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত পতাকা। বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী এই সাজসজ্জা দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও দর্শনার্থীদের বেশ নজর কাড়ছে।
প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত আর্জেন্টাইন সমর্থক ও সাধারণ দর্শনার্থীরা। কেউ স্মৃতিচারণের জন্য ছবি তুলছেন, কেউবা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে এলাকাটি এখন ফুটবল প্রেমীদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাজিব বলেন, চার বছর পর বিশ্বকাপ আসে। বিশ্বকাপকে ঘিরে আমাদের মধ্যে আলাদা এক ধরনের আবেগ কাজ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা পতাকা টানিয়ে সমর্থন প্রকাশ করছি। এই আয়োজন আমাদের আনন্দ দেয়।
আর্জেন্টিনা সমর্থক ও শিক্ষার্থী ফাইজা মীম বলেন, গত বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছিল। আমরা আশা করছি, এবারও দলটি ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। এছাড়া, এবারের আসর সম্ভবত লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই সমর্থকদের উন্মাদনাও আগের চেয়ে বেশি।

অন্যদিকে, ব্রাজিল ও অন্যান্য দলের সমর্থকরাও নিজ নিজ দলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় তাদেরও পতাকা ও ব্যানার দেখা গেলেও বর্তমানে মেহেন্দীগঞ্জ জুড়ে আর্জেন্টিনার পতাকার আধিক্যই বেশি চোখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবলকে কেন্দ্র করে এমন উৎসবমুখর পরিবেশ এলাকার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই সমর্থকদের উচ্ছ্বাস ও আয়োজন বাড়ছে।

আকাশি-সাদা রঙের পতাকার দোলায় দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিশ্বকাপের বাঁশি বাজার আগেই ফুটবলপ্রেমীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো উপজেলা।
আরিফ হোসেন/জেআই/এসএম

