বিজ্ঞাপন

নওগাঁ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিলেন এলাকাবাসী

নওগাঁ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিলেন এলাকাবাসী

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সীমান্ত পাহারা দিয়েছেন এলাকাবাসী। রোববার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সদস্যদের সঙ্গে মধ্যরাত পর্যন্ত সীমান্ত পাহারা দেন তারা।

স্থানীয় এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, বিএসএফ নিতপুর সীমান্ত এলাকা দিয়ে ২০-২৫ জনকে অবৈধভাবে অনুপ্রবেশ করাচ্ছে, এমন সংবাদ বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের কাছে আসে। এরপর স্থানীয় লোকজন পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় যোগ দেন।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঢাকা পোস্টকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বিএসএফ তাদের ক্যাম্পে ২০-২৫ জনকে পুশইনের জন্য আটকে রেখেছে। সন্ধ্যার পরে তারা তাদের সীমান্তে ৫-৬টি ড্রোন উড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দারা ড্রোনের আলো দেখে ভেবেছেন হয়তো পুশইন হচ্ছে। তাই তারা বিজিবির সঙ্গে সীমান্তের কাছে এসে অবস্থান নেন।

তিনি আরও বলেন, আমাদের এ পাশে নিতপুর বিওপি ক্যাম্প রয়েছে। এ পথ দিয়ে পুশইন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেসব যায়গায় আমাদের ক্যাম্প দূরে রয়েছে সেই সব পথ তারা পুশইনের জন্য বেঁছে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন।

মনিরুল ইসলাম শামীম/এএমকে