বিজ্ঞাপন

নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার হামলা

নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার হামলা

গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক সামিউল আলম নাবিলের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রশক্তির বাকি সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা চালায় ছাত্রদলের সদস্যরা। 

সোমবার (৮ জুন ২০২৬) দুপুর দেড়টার দিলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মিলনায়তনে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় নাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নাবিল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু ঢাকা পোস্টকে বলেন, সোমবার কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলছিল। নাবিল সেখানে ছিল। এসময় ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের নেতা জাকারিয়া অনিকসহ কলেজ শাখার আহ্বায়ক সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নাবিলের উপরে অতর্কিত হামলা চালায়। হামলায় নাবিল গুরুতর আহত হলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 

এদিকে এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোনকল করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করে।  তিনি আরও বলেন, এর আগে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলার অভিযোগে জাকারিয়া অনিককে কলেজ থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল। সম্প্রতি তার বহিষ্কারাদের তুলে নেওয়ার পরপরই এবার ছাত্রশক্তির নেতার উপর হামলা চালিয়েছে অভিযুক্ত জাকারিয়া অনিক। 

এ বিষয়ে অভিযোগ অস্বিকার করেন ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকারিয়া অনিক। পরে তার কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলব।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, ভাওয়াল কলেজের হামলার ঘটনায় আমাদের কাছে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আশিকুর রহমান/এসএইচএ