রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যুর ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এরআগে, রোববার রাতে ঢাকা আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে আত্মগোপনে থাকা এ দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমরপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০)।
মামলার বরাত দিয়ে র্যাব-১৩ এর কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, রফিকুল ও শফিকুলের সাথে মাদক বিক্রয় করা নিয়ে ভুক্তভোগী সাজু মিয়ার সাথে পূর্ব শত্রুতা ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ মে রাত সাড়ে ১১টায় আসামি রফিকুল কৌশলে সাজু ও তার তিন বন্ধুকে তার মালটা বাগানে নিয়ে গিয়ে মাত্রাতিরিক্ত বিষাক্ত মদপান করায়। এরপর তারা নিজ নিজ বাড়িতে ফিরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ১ জুন সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজু ও তার তিন বন্ধু মারা যায়।
এ ঘটনায় ২ জুন মঙ্গলবার মিঠাপুকুর থানায় মৃত সাজু মিয়ার ভাগ্নে জাহেদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
অ্যালকোহল পানে মৃতরা হলেন- উপজেলার বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫), একই গ্রামের এরশাদ আলী (৪০), সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫), সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ও দুলা মিয়া (৪৫)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব সজাগ রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
