ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি সিটি স্ক্যান মেশিন গত প্রায় এক মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এছাড়াও এমআরআই ও এক্সরে মেশিনের ফিল্ম সংকটের কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৯ সালের শুরুর দিকে চালু হওয়া সিটি স্ক্যান মেশিনটির ওয়ারেন্টি ছিল সাত বছর। প্রতিদিন এই মেশিনের মাধ্যমে ৬০ থেকে ৭০টি সিটি স্ক্যান করা হতো। প্রায় এক মাস আগে হঠাৎ মেশিনটি বিকল হয়ে যায়। শুধু সিটি স্ক্যান মেশিনই নয়, হাসপাতালের চারটি এক্সরে মেশিনের মধ্যে একটি নষ্ট রয়েছে। দুটি এমআরআই মেশিনের মধ্যে বর্তমানে একটি সচল থাকলেও অন্যটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।
প্রায় এক মাস ধরে হাসপাতালে এক্সরে ও এমআরআই করাতে গিয়ে রোগী ও স্বজনদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ধাক্কাধাক্কি এবং রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনাও ঘটছে। সংশ্লিষ্টদের মতে, ফিল্ম সংকট চরম আকার ধারণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় চার গুণ রোগী ভর্তি থাকে। ময়মনসিংহের পাশাপাশি আশপাশের জেলার রোগীদেরও ভরসার প্রতিষ্ঠান এই হাসপাতাল। তাই সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সৈয়দ বদরুল আহসান বলেন, সিটি স্ক্যান মেশিন বিকল থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন এমআরআই মেশিন আসার কথা রয়েছে।
হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, সিটি স্ক্যান মেশিনটি মেরামতের জন্য জাতীয় ইলেকট্রোমেডিকেল সরঞ্জাম রক্ষণাবেক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণ কেন্দ্র তৎপরতা শুরু করেছে। আশা করছি দ্রুত সংকট কেটে যাবে।
আরএআর
