লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আপন দুই ভাইয়ের মধ্যে ২৮ ঘণ্টা পর বড় ভাইয়ের মরদেহ ভেসে উঠেছে। তবে, এখনও নিখোঁজ রয়েছে ছোট ভাই।
সোমবার (৮ জুন) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে একজনের মরদেহ ভেসে উঠে।
এর আগে রোববার দুপুরে ওই এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় আপন দুই ভাই। এরা হলেন, সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসলে নামে দুই ভাই সাব্বির ও সাওন। গোসলের এক পর্যায়ে পানির গভীরে ডুবে নিখোঁজ হয় সাব্বির ও সাওন। বন্ধু মেহেদি তাদের উদ্ধারে চেষ্টা করে সেও ডুবে যায়। তীরে থাকা এক জেলে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নেমে মেহেদিকে অক্ষত অবস্থায় উদ্ধারে সক্ষম হলেও নিখোঁজ হয় আপন দুই ভাই সাব্বির ও সাওন।
খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে পরে অভিযানে যুক্ত হয় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের সন্ধান মেলাতে ব্যর্থ হলে বিকেলে রংপুরের ডুবুরি দল এসে অভিযান শুরু করে। রাতে অসমাপ্ত রেখে অভিযান স্থগিত করে। সোমবার পুনরায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালায় স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেলে হঠাৎ ২৮ ঘণ্টা পরে ভেসে উঠে বড় ভাই সাব্বিরের মরদেহ। তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ছোট ভাই সাওন।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান জানান, বড় ভাই সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর জনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।
এসএইচএ
