বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচারের সময় দুই বেয়াইনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা।সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। তারা সম্পর্কে একে অপরের বেয়াইন।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল শহরের চকযাদু ক্রস লেনের বিআরটিসি মার্কেটের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি বেগম তার বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবা কিনতে এসেছিলেন। ইয়াবার চালান হস্তান্তরের সময় ডিএনসির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আব্দুল মোমিন/এসএমডব্লিউ
