বিজ্ঞাপন

শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর হামলা, আদালতে মামলা

শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর হামলা, আদালতে মামলা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কর্মকারের উপর হামলার ঘটনায় ৮ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটিতে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি ও চাঁদার দাবীতে মারধরের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ডামুড্যায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন সুজিৎ কর্মকার। পরে আদালতের বিচারক আব্দুল্লাহ আল হাসিব মামলাটি আমলে নিয়ে এফআইআরের নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্র জানায়, রোববার সকালে সিএনজিচালিত অটোরিশাযোগে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কর্মকার বিদ্যালয়ের ফটকে আসলে কয়েক জন তরুন তাকে টেনেহিঁচড়ে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে মারধর শেষে আবার কয়েকজন তরুন তাকে অটোরিকশায় উঠিয়ে দেন। পরে সুজিৎ কর্মকার প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে নিরাপত্তার অভাববোধ করলে সেখান থেকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। পরে এ ঘটনায় সোমবার দুপুরে সুজিৎ কর্মকার ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞানামা ৮/৯ জনকে আসামী করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ডামুড্যায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কর্মকার বলেন, “আমার ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছি। আমি আশা করব প্রশাসন যাতে দ্রুত আসামীদের আইনের আওতায় আনে। ”

বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, আমার মক্কেলের উপর হামলার ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআরের নির্দেশ দিয়েছেন। আমরা এতে খুশি। আশা করি পুলিশ দ্রুত আসামীদের গ্রেপ্তার করবে।

এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি আদালতে কোন মামলা হয়েছে কিনা, সেখান থেকে কোনো কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি।

নয়ন দাস/এসএমডব্লিউ

বিজ্ঞাপন