কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের তীর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত রাইশা মনি একই ইউনিয়নের কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইশা। একপর্যায়ে নদের কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের খবর দেওয়া হলে রাতভর খোঁজাখুঁজি চালানো হয়।
খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালায়। তবে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল ফিরে যায়। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর আজ দুপুরে কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদের তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে সেটি রাইশার মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মমিনুল ইসলাম/আরএআর
