মৌলভীবাজারে গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, হাম ও রুবেলা আক্রান্ত ১৮ জনের পজেটিভ পাওয়া গেছে। ইতোমধ্যে জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ৯৯ শতাংশ পূর্ণ হয়েছে।
মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত প্রায় ৫ শতাধিকের শরীরে হামের লক্ষণ নিয়ে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৬ জনের হাম ও ২ জনের রুবেলা পজিটিভ এসেছে।
গত ১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত সময়ের মধ্যে জেলায় হামের লক্ষ্মণ নিয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এরমধ্যে তিনজন শিশুর হাম পজেটিভ এসেছে। জেলায় ২ লাখ ৪ হাজার ৯২৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৯৯ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। এ ছাড়া, জেলা সদর হাসপাতালে ২০ বেডের আইসোলিউসিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেডের আইসোলিউসিন সেন্টার রয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে টিকাদান কর্মসূচির ৯৯ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। টিকা দেওয়ার পর কমপক্ষে একমাস সময় লাগে তা পুরোপুরি কার্যকর হতে। জেলায় ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হাম পজেটিভ পাওয়া গেছে তিনজনের মধ্যে। ৯ জনের মধ্যে দুইজন শিশু সিলেটে মারা গেলেও জন্মস্থান তাদের মৌলভীবাজার।
এ ছাড়া, ডেঙ্গু, হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে যাদের হামের লক্ষ্মণ রয়েছে তাদেরকে মাক্স পড়ার জন্য বলা হয়েছে।
মাহিদুল ইসলাম/এএমকে
