নড়াইলের লোহাগড়া উপজেলায় ভ্যানে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ওই ভ্যানচালকের নাম আজিবার রহমান (৫০)। তার বাড়ি লোহাগড়া উপজেলার একটি গ্রামে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়িও একই এলাকায়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষ করে অভিযুক্ত ভ্যানচালক আজিবার রহমানের ভ্যানে বাড়ি ফিরছিল। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় অভিযুক্ত আজিবার তাকে শ্লীলতাহানি করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর আজ মঙ্গলবার সকালে ওই স্কুলছত্রীর পিতা বাদী হয়ে আজিবর রহমানকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এর পরপরই আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে বলেন, শ্লীলতাহানির অভিযোগে করা মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মো. তাহের/এসএইচএ
