বিজ্ঞাপন

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কালবৈশাখী ঝড়ে একাধিক স্থানে গাছ উপড়ে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টার মধ্যে সব গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল ৪টা ১২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ আসে গজারিয়া উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া, মানাবেরসহ কয়েকটি স্থানে ঝড়ের কবলে গাছ উপড়ে পড়ে সড়ক আটকে আছে। সঙ্গে সঙ্গেই গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ারকর্মীরা করাত ও অন্যান্য সরঞ্জাম দিয়ে রাস্তার ওপর পড়ে থাকা গাছগুলো কেটে সরিয়ে দেন। ফলে বিকেলের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ব. ম শামীম/এএমকে