বিজ্ঞাপন

জয়পুরহাটে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

জয়পুরহাটে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে একই দিনে পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী সাবিত্রী চৌধুরী (২৫), রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার নুরুল ইসলামের স্ত্রী বুলি আক্তার (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মনের ছেলে শিপন চন্দ্র বর্মন (২৯)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের স্বজনদের দাবি কেউ ওড়না পেঁচিয়ে, কেউ গ্যাস ট্যাবলেট খেয়ে, আবার কেউ বিষপানে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রতিটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ​এদিকে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নেওয়ার জন্য বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আক্কেলপুর থানায় ভিড় করেন। তবে আইনগত বাধ্যবাধকতার কারণে পুলিশ মরদেহ হস্তান্তর না করায় তারা ফিরে যেতে বাধ্য হন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, তিনটি মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য বুধবার সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, স্বজনরা আত্মহত্যার কথা বললেও মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চম্পক কুমার/এএমকে