ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সাত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
দেশে ফেরা ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঙ এলাকার দুই ভাই মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার গ্রামের মানিক আহমেদ, চানপুর গ্রামের মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে যায়, তারা বিভিন্ন সময়ে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তারা কারাগারে যান। পরবর্তীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলা কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাত বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ, বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মাসুদ আহমদ রনি / এসএমডব্লিউ
